সাতক্ষীরায় ‘সত্য সুন্দরের প্রকাশে’ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সত্য সুন্দরের প্রকাশে, চ্যানেল আই আটাশে এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হলো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, সংগীতশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, এবং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান।
এছাড়া আরও বক্তব্য রাখেন আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, বৈশাখী টিভির শামীম পারভেজ, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, মানবাধিকার কর্মী মাধব দত্ত, লেখক শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকুরা মৌ এবং সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফোয়ারা রানীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার পর থেকেই মাটি, মানুষ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। বিশেষ করে দেশের কৃষি বিপ্লব এবং গ্রামীণ জনপদের উন্নয়নে চ্যানেলটির ‘হৃদয়ে বাংলাদেশ’ ও কৃষিভিত্তিক অনুষ্ঠানগুলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। বক্তারা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের কল্যাণে চ্যানেলটিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা প্রেস ক্লাবের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়।