স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা, অপশক্তি মোকাবেলার আহ্বান হাবিবুল ইসলাম হাবিবের সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ রেস্তোরাঁ সংলগ্ন বিকেল ৪:০০টা থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী দিনের কঠিন রাজনৈতিক সময় সাহসিকতার সাথে মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের পথ ধরে বর্তমান প্রজন্মের যুবসমাজ দলের ঐক্য ও অগ্রযাত্রাকে অবিরাম গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের অন্যান্য শ্রদ্ধেয় নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করেন । দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, তার প্রশংসা করে রোহিঙ্গা সংকটে ১২ লাখ মানুষের পুনর্বাসনের বিষয়টিও বক্তৃতায় তুলে ধরেন তিনি। নিজের শারীরিক অসুস্থতা ও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে ও সঠিক সময়ে চিকিৎসার কারণে তিনি প্রাণে বেঁচে গেছেন। পরিশেষে সাতক্ষীরার সাধারণ মানুষকে সাথে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র ও অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল ও ছাত্রদলের সদস্যদের একটি বিশাল ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্র থেকে সুচিন্তিতভাবে গঠিত এই যুবদল ও ছাত্রদলের কমিটি সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা ও তিনটি পৌরসভা ইউনিটকে অত্যন্ত শক্তিশালী ও গতিশীল সংগঠনে রূপান্তর করবে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারো বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।