জুলাই হ*ত্যাকা*ণ্ডের বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার দ্রুত বিচার, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে শহর শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল চারটার দিকে শহরের সঙ্গীতে মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, সাবেক ছাএ নেতা ও যুব বিভাগের সভাপতি প্রভাষক মোঃ ওমর ফারুক বলেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্ত বিফলে যেতে দেওয়া যাবে না। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে গণহত্যার দায়ে জড়িতদের নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা সময়ের সবচেয়ে বড় দাবি।
শহর ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক শহর সভাপতি আল মামুন ও অ্যাডভোকেট আবু তালেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মো. নুরুন্নবী।
বক্তারা বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও ত্যাগের ফসল হিসেবে জুলাই সনদ রচিত হয়েছে। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশে শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া একাধিক তরুণ উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে নিহত ব্যক্তিদের স্মরণের পাশাপাশি দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেওয়া হয়।