সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬, সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার
বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬। রবিবার (২ আগষ্ট ) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বন বিভাগের পক্ষ থেকে ম্যানগ্রোভ— শুধুমাত্র ম্যানগ্রোভ বনায়ন হয়েছে ১০০ হেক্টর। আর এর পাশাপাশি এখানে ২৫,০০০ চারা ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চারা রোপণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি উপজেলায় ২ একর করে এক্সক্লুসিভলি বনায়ন করা হয়েছে। এটার কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি পরিবেশ রক্ষায় এবং টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের অপরিহার্যতার কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ ও সঠিক পরিচর্যার আহ্বান জানান। সবুজ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম এবং সামাজিক বন বিভাগ যশোর-এর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মেলার উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। অতিথিরা বেলুন, ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে দশ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।