অনলাইন ডেস্ক: বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মধ্যে ৭০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মধ্যে মিরপুর ডিওএইচএস এ নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন, ফ্ল্যাটের বরাদ্দপত্র শহীদ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।