স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা।
পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্ট এলাকা থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, নতুন বাংলাদেশ গঠনে দেশবিরোধী শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন যেকোনো মূলu এসব চক্রান্ত প্রতিহত করবে। নির্বাচিত সরকারের বিরুদ্ধে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল এবং সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশে জেলা যুবদল ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।