স্টাফ রিপোর্টারঃ জাকারিয়া হ/ত্যা: সব আসামি গ্রে/প্তারে ১ সপ্তাহের আলটিমেটাম, মানববন্ধনে আন্দোলনের হুঁশিয়ারি
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ‘জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে আগামী এক সপ্তাহের আলটিমেটাম দেন বক্তারা। এই সময়ের মধ্যে বাকি আসামিরা গ্রেপ্তার না হলে পুরো জেলাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার রাজপথ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাকারিয়া হত্যাকাণ্ডের দেড় সপ্তাহ পার হতে চললেও পুলিশ এখন পর্যন্ত সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত হতাশাজনক। মামলার প্রধান আসামি নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও অন্যান্য আসামিরা এখনো অধরা। পুলিশের সক্ষমতা ও সদিচ্ছা প্রমাণে অবিলম্বে বাকীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
‘জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটি’র উপদেষ্টা আইনজীবী আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্যসচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, আইনজীবী আকবার হোসেন, আইনজীবী শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী, আল ইমরান ইমু এবং শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান ও অজিয়ার রহমান।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এক চায়ের দোকানে বাপ্পি হাসান নামের এক যুবকের সঙ্গে কিশোর গ্যাং সদস্য নাহিদের বিরোধ সৃষ্টি হয়। সে সময় বাপ্পিকে বাঁচাতে এগিয়ে গেলে নাহিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন কলেজছাত্র জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খাঁন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির প্রধান আসামিসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।