বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুধহাটা ইউনিয়ন শাখার উদ্যোগে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে বুধহাটা ইউনিয়নের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুয়াজ বিল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হোসেন। এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও নৈতিকতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান এবং ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।