রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দির লক্ষণদীয়া বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া যুবসমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েক বছর পর এলাকায় নৌকাবাইচ অনুষ্ঠিত হওয়ার স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে ঢল নামে বালিয়াকান্দি উপজেলা ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার দর্শনার্থীর। প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল। প্রতিযোগিতায় সুসজ্জিত ছয়টি নৌকা অংশগ্রহণ করে। বাদ্য বাজিয়ে জারি-সারি, লোকগীতির তালে তালে মাঝি-মাল্লারা সজোরা বইঠা চালিয়ে শেষ প্রান্তে এগিয়ে আসেন বিশেষ স্থান পাওয়ার প্রত্যাশায়। প্রতিযোগিতায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়-হিজলি গ্রাম থেকে আসা ‘বাংলার দুলদুল’ প্রথম স্থান, জামালপুর ইউনিয়নের ‘আব্দুল মান্নানের নৌকা’ দ্বিতীয় স্থান ও ‘রাসেল ফকিরের নৌকা’ তৃতীয় স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকারী নৌকার মাঝিদের ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা নৌকাকে টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, গ্রামবাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখানে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে। বিলের মধ্যে এত দর্শনার্থী নৌকাবাইচ দেখতে আসছে, যা সত্যিই অনন্য। জেলার ইতিহাস-ঐতিহ্য রক্ষায় জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।