অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের সকল নাগরিককে দেশ গঠনে একযোগে কাজ করতে হবে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার সিলেট সফরে এসে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সিলেট সফরের শুরুতেই মন্ত্রিপরিষদ সদস্য ও জেলা বিএনপির প্রথম সারির কয়েকজন নেতাসহ হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।
বেলা ৩টায় নাগরিক সংবর্ধনায় যোগ দেন রাষ্ট্রপতি। এসময় শপথ অনুসারে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চান বলে জানান তিনি। গণতন্ত্র সমুন্নত রাখতে আহ্বান জানান সরকারি ও বিরোধী দলের প্রতি। রাষ্ট্রপতি বলেন, এদেশের মানুষ বার বার হোঁচট খেয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। এবার সুযোগ এসেছে সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার। এর আগে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সিলেটের উন্নয়নে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।