মোঃ আহাজ উদ্দীনঃ আজ শনিবার রাত্র ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জের সহকারী পরিচালক জনাব মোঃ মনছুর আলম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চান্দিনা উপজেলার অধ্যাপক গৌরাঙ্গ সাহার বাড়ি, চান্দিনা কালীবাড়ি মন্দির এবং সাহাপাড়ার শ্রী রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে সহকারী পরিচালক জনাব মোঃ মনছুর আলম পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা, পারস্পরিক সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর পূজা উদযাপন নিশ্চিত করতে বাহিনীর এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা