মোঃ আহাজ উদ্দীনঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি ও রেস্তোরাতে অভিযান পরিচালনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে,জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা মহোদয়ের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক আজ (বৃহস্পতিবার) সাতক্ষীরা সদর উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একটি ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সদর উপজেলার পলাশপোল এলাকায় অবস্থিত পানসী রেস্তোরা (স্বত্বাধিকারীঃ জি এম ফাত্তাহ্) নামের প্রতিষ্ঠানকে ফ্রিজে কাঁচা মাছ/মাংসের সাথে রান্না করা খাবার একসাথে রাখা, মাথায় হেডনেট ব্যবহার না করাসহ কিছু বাসি খাবার ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মুনজিতপুর এলাকায় অবস্থিত হোটেল রাজ নামের একটি প্রতিষ্ঠানকে ফ্রিজে বাসি গ্রিল রাখা,ফ্রিজ অপরিস্কার অপরিচ্ছন্ন থাকা, খাবার ঢেকে না রাখা,মিষ্টিতে ছোট একটি তেলাপোকা পাওয়া, দই/ফিরনিতে লেবেল না দেয়া,মাথায় হেডনেট ব্যবহার না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। লাবনী মোড় এলাকায় অবস্থিত সোনারগাঁও রেস্তোরা নামের একটি প্রতিষ্ঠানকে দই/ফিরনিতে লেবেল না দেয়া, মাথায় হেডনেট ব্যবহার না করা, ঝুল পরিস্কার না করা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ কেওড়া জল (যা কিডনি ডায়ালাইসিস করার ক্যামিকেল) খাবারে ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ফিলিং স্টেশনে তদারকি করা হয়েছে। তিনটি রেস্তোরাকে সর্বমোট ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্সের এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জনাব দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সাতক্ষীরা এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।