সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল
সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় যুব জামায়াতের সভাপতি আল মামুনের জানাজায় বিপুল মানুষের সমাগম ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বাদ আসর কামালনগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। নামাজ শেষে কামালনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার আগে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, পৌর সেক্রেটারি খোরশেদ আলম, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল গফুর, মরহুমের পিতা রবিউল ইসলাম ও স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। এ সময় জানাজায় সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘আল মামুন ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ এক যুবক। আজকের এই জানাজার উপস্থিতিই প্রমাণ করে তিনি কেমন মানুষ ছিলেন। দ্বীনের কাজে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করি। আল মামুন সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকার জামায়াত কর্মী মোঃ রবিউল ইসলামের একমাএ ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল প্রায় ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন।