ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য,একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা প্রায় ৭টা ২৫ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপি’র টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন— হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০) এবং একই উপজেলার দক্ষিণ মারাধর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. সানাউল্লাহ (২৯)। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠালডাঙ্গী বিওপি’র সুবেদার মোঃ মহসিন আলীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং বর্ষালুপাড়া বিওপি’র নিয়মিত টহলদল যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭১/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলডাঙ্গী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, মোটরসাইকেলসহ ওই দুইজনকে আটক করা হয়। বিজিবি আরও জানায়, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।