অনলাইন ডেক্সঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চলের শক্তি বেড়েছে। তা আরও সুস্পষ্ট হয়েছে। এর সঙ্গে ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায়। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে আরও কিছু দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। ভিজতে পারে কলকাতাও। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সমুদ্র আপাতত উত্তাল। ঝোড়ো হাওয়া বইছে উপকূলের কাছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপ অঞ্চলের শক্তি বেড়েছে। তা আরও সুস্পষ্ট হয়েছে। নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সোমবারের মধ্যে নিম্নচাপ অঞ্চল আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। এ ছাড়া বর্ষাকালীন অক্ষরেখাও সক্রিয়। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে তা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। বাঁকুড়া থেকে দক্ষিণে বাঁক নিয়ে ওই অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে কিছু দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় এবং মঙ্গলবার দু’টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকু়ড়ায়। মঙ্গলবার পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। এ ছাড়া এই দু’দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ভিজতে পারে কলকাতাও। বুধবার থেকে ঝড়বৃষ্টি কমবে। দক্ষিণের আর কোনও জেলাতেই বুধবার থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সমুদ্রের উপর এখনও ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিলোমিটারেও পৌঁছে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সতর্কতা রয়েছে বৃহস্পতিবারও। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম।