সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৬ লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্যসহ আটক ২
সাইদুল বাসারঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৬ লক্ষ ৬ হাজার ৬০০ টাকা। এ সময় একটি বাংলাদেশী ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। সোমবার (০৬ জুলাই ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, হিজলদী, কাকডাঙ্গা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের পৃথক টহল দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত আসামিরা হলেন চালক: মোঃ আফ্রিদি হোসেন (২৩), পিতা: মোঃ আবুল হাসান। সহকারী চালক: মোঃ মেহেদী হাসান (২৫), পিতাঃ মোঃ আনারুল ইসলাম মধু। (উভয়ের বাড়ি সাতক্ষীরা সদর থানার পদ্মশাখরা গ্রামে)। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালিয়ে শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা নিম্নলিখিত মালামালগুলো জব্দ করা হয়: ভারতীয় চিংড়ির রেণুপোনা ও ট্রাক: ভোমরা বিওপির একটি বিশেষ দল মেইন পিলার ৩ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৬০,০০,০০০ (ষাট লক্ষ) টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেণুপোনাসহ একটি বাংলাদেশী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮৯৫৫৪) জব্দ করা হয় এবং চালক ও সহকারীকে আটক করা হয়।
মোবাইল পার্টস (কলারোয়া): হিজলদী বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছাকাছি বড়ালি মোড় এলাকা থেকে ১,২৭,৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। মোবাইল পার্টস (সাতক্ষীরা সদর): বাঁকাল চেকপোস্টের বিজিবি দল সাতক্ষীরা সদরের শ্রীরামপুর নামক স্থান থেকে আরও ২,৩৪,০০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ২,৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি কর্তৃপক্ষের আরো জানান চোরাকারবারিরা সরকারের শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসছিল। এ ধরনের অবৈধ চোরাচালানের ফলে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং স্থানীয় শিল্পের সুরক্ষায় বিজিবির এই দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ।