মোঃ সাইদুল বাসার: সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ‘কুশ’ মাদকসহ একজনকে আটক করে বিজিবি। সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তারিকুজ্জামান (২৪) নামের এক তরুণকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। আটক তারিকুজ্জামান কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের মো: ওহিদুজ্জামানের ছেলে। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ আভিযানিক দল মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে চালক তারিকুজ্জামানের কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বিবরণ ও মূল্য: ১২ কেজি ‘কুশ’ মাদক: ৬,০০,০০,০০০ টাকা (ছয় কোটি) একটি মোটরসাইকেল: ২,০০,০০০ টাকা (দুই লাখ) দুটি মোবাইল ফোন: ১,৫২,০০০ টাকা (এক লাখ বায়ান্ন হাজার) সর্বমোট মূল্য: ৬,০৩,৫২,০০০ টাকা (ছয় কোটি তিন লাখ বায়ান্ন হাজার টাকা) বিজিবি জানায়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা বা গাঁজা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি একটি মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এই মারিজুয়ানা ফুল ও কুঁড়ির সঙ্গে অতিরিক্ত টেট্রাহাইড্রো ক্যানাবিনল (টিএইচসি) রাসায়নিক মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও সিনথেটিক মাদক হিসেবে বাজারজাত করা হয়। যা দাবি করছেন আটক ব্যক্তি বিজিবির জিজ্ঞাসাবাদে আটক তারিকুজ্জামান দাবি করেন, তিনি ব্যাগের ভেতরে কী ছিল তা জানতেন না। সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে পরিচিত এক ব্যক্তি তাকে ঝাউডাঙ্গা এলাকায় একটি ব্যাগ পৌঁছে দেওয়ার অনুরোধ করেছিলেন। এজন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি। ব্যাগটি পৌঁছে দেওয়ার পথেই তিনি বিজিবির হাতে আটক হন। লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করছে। দেশের তরুণ সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।