নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রমে গতি এসেছে। ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলে নিয়েছেন। একই সময়ে গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে নগদ ও বিভিন্ন লেনদেনের মাধ্যমে অর্থও এসেছে। ব্যাংক সূত্র জানায়, ১ সেপ্টেম্বর টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়। আর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় অর্থ পরিশোধ। প্রথম দিন ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। বিপরীতে ব্যাংকে নগদে ৯৩ কোটি এবং আরটিজিএস, বিএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকা আসে। অর্থাৎ ওই দিন ব্যাংকে মোট ১৪১ কোটি টাকা প্রবাহ হয়। এদিন নগদ ও অন্যান্য মাধ্যমে ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়েছে। ২ সেপ্টেম্বরের আবেদনের বিপরীতে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন। এদিন ব্যাংকে নগদে ৯০ কোটি এবং বিএফটিএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা আসে। সব মিলিয়ে ব্যাংকে অর্থপ্রবাহ ছিল ১৯৫ কোটি টাকা। এদিন মোট লেনদেন হয়েছে ১৬ হাজার ৫০টি। তৃতীয় দিন ৯ সেপ্টেম্বর, ৩ সেপ্টেম্বরের আবেদনের বিপরীতে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন। ব্যাংক সূত্র বলছে, গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবে স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে। ফলে একদিকে গ্রাহকদের আবেদনের বিপরীতে অর্থ পরিশোধ হচ্ছে, অন্যদিকে ব্যাংকের স্বাভাবিক লেনদেন ও অর্থপ্রবাহও সচল রয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি আবেদুর রহমান শিকদার বলেন, আবেদন অনুযায়ী ধাপে ধাপে অর্থ পরিশোধ করা হচ্ছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক অর্থ তুলে নিচ্ছেন। এ কার্যক্রমের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহ অব্যাহত থাকায় পরিশোধ প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।